

বৃহস্পতিবার ঘরের মাঠে ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মুম্বইয়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হওয়ার পরে এই ম্যাচ বড়ো পরীক্ষা নাইটদের কাছে। এই ম্যাচে পিচ কেমন হবে সেই নিয়ে সংশয় রয়েছে। তবে কোনও অজুহাত দিতে চায় না কেকেআর, টার্গেট শুধু জয়, এমনটাই দাবি কোচ অভিষেক নায়ারের।
বুধবার সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পিচ দেখে যান। সাথে ছিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। প্রথম ম্যাচে টিকিটের চাহিদা না থাকলেও ইডেন ভরবে বলেই আশা করা হচ্ছে। ক্যামরণ গ্রিন বল করতে না পারলেও, তাঁকে এই ম্যাচে প্রথম একাদশে রাখা হতে পারে।
এদিন নাইট কোচ অভিষেক নাইয়ার বলেন, “ক্যামেরন গ্ৰীন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা ফর্ম দেখে সেরা খেলোয়াড়কেই নিই। কিন্তু পরে কী হবে সেটা তো আগে থেকে বোঝা যায়না। গ্ৰীন এখন বল করতে না পারলেও খুব দ্রুত বোলিংয়ে ফিরবে।“
ইডেনের উইকেট প্রসঙ্গে তিনি বলেন, “কোনও অজুহাত নয়, যে উইকেট আমাদের দেওয়া হবে সেই উইকেটেই আমরা সেরা খেলাটা খেলতে প্রস্তুত। জটিল করে কিছু ভাবতে চাই না। আমাদের ক্রিকেটাররা বিভিন্ন ধরনের উইকেটে রঞ্জি ট্রফিতে লাল বলে খেলেছে। তাই পিচ নিয়ে এত ভাবতে চাই না।''
অন্যদিকে হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেন, ‘আমাদের বড় চ্যালেঞ্জ বোলারদের কাছে। বিশেষ করে নতুন খেলোয়াড়দের কাছে। তাই বোলারদের পরিকল্পনা মাফিক বল করতে হবে। অসাধারণ উইকেট। ঘাস আছে। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচে যে উইকেট ছিল একই উইকেট। হাই স্কোরিং উইকেট।'
এই ম্যাচে প্যাট কামিন্স নেই, ঈশান কিষাণ অধিনায়কত্ব করবেন। এই প্রসঙ্গে হায়দরাবাদ কোচ বলেন, 'প্যাট অসাধারণ বোলার ও অধিনায়ক। ওর না থাকাটা অবশ্যই বড় ক্ষতি। কিন্তু ঈশানের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা হয়েছে। প্রথম ম্যাচে ও দারুণ ব্যাটিং করেছে। কিপিংটাও ভালো করে। ওর মধ্যে আগ্ৰাসন আছে। ওর ক্রিকেটীয় বোধ অসাধারণ। অনেক কম বয়স। আশা করছি ও ভালোই করবে। তবে আমাদের শুধু বোলিং নয়, ব্যাটিং-ফিল্ডিংও ভালো করতে হবে। যে জায়গাগুলোতে খামতি আছে সেগুলো শুধরে নিতে হবে। কেকেআর-ও একই কাজ করবে। তাই কাজটা কঠিন।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন