

২০২৯-এ পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই দেশজুড়ে অন্তত ১৬টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য আছে, যেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় বিজেপি। পরবর্তী সাধারণ নির্বাচনের বহু দেরী থাকলেও এখন থেকেই চর্চা শুরু হয়েছে সেই নির্বাচন নিয়ে। আগামী সাধারণ নির্বাচনেও বিজেপিই ক্ষমতায় থাকবে অথবা ক্ষমতাচ্যুত হবে তা অনেকটাই নির্ভর করবে এই ১৮ রাজ্যের নির্বাচনী ফলাফলের ওপর। যার মধ্যে অরুণাচল প্রদেশ এবং সিকিমের নির্বাচন হবে ২০২৯-এর এপ্রিলের মধ্যে।
চলতি বছরে আর কোনও রাজ্যে বিধানসভা নির্বাচন না থাকলেও ২০২৭-এর শুরু থেকেই বাজবে নির্বাচনের দামামা। যার মধ্যে বেশ কটি রাজ্যে কঠিন পরীক্ষায় পড়বে বিজেপি বলেই রাজনৈতিক মহলের অভিমত। বিশেষ করে সাম্প্রতিক সিজেপি আন্দোলন, ইথানল বিতর্ক, নিট প্রশ্ন ফাঁস, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি ইস্যুতে বড়ো অংশের মানুষই ক্ষুব্ধ। যার আঁচ সরাসরি পড়তে পারে আগামী বিধানসভা নির্বাচনগুলিতে।
২০২৭-এ কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচন?
দিনক্ষণের হিসেবে ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। উত্তরাখন্ডের (৭০ আসন) বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি শেষ হবে ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভার মেয়াদ। ৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভার মেয়াদ শেষ হবে ৫ মার্চ। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হবে ৭ মার্চ। হিমাচল প্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হবে ১২ নভেম্বর এবং গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হবে ৫ ডিসেম্বর। শেষ দুটি রাজ্যের বিধানসভার আসন সংখ্যা যথাক্রমে ৬৮ এবং ১১২।
২০২৭-এ যে কটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে তার মধ্যে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ ছাড়া বাকি সব রাজ্যেই ক্ষমতাসীন বিজেপি। পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং হিমাচল প্রদেশে কংগ্রেস। এই ৭ রাজ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং গুজরাটের নির্বাচন। নির্বাচনী বিশ্লেষকরাও এখনই এই চার রাজ্য নিয়ে মুখ খুলতে রাজী নন। তবে উত্তরপ্রদেশ এবং গুজরাটের ক্ষমতা বিজেপির হাত ছাড়া হলে তা দেশের রাজনীতিতে বড়ো প্রভাব ফেলবে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে ক্ষমতা বদলের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।
২০২৮-এ কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচন?
২০২৮-এ নির্বাচন আছে দেশের মোট ৯টি রাজ্যে। যার মধ্যে উত্তর পূর্বের নাগাল্যান্ড (৬০ আসন), মেঘালয় (৬০ আসন), মিজোরাম (৪০ আসন) এবং ত্রিপুরা (৬০ আসন) আছে। এছাড়া ২০২৮-এ নির্বাচন হবে কর্ণাটক (২২৪ আসন), ছত্তিশগড় (৯০ আসন), রাজস্থান (২০০ আসন), তেলেঙ্গানা (১১৯ আসন) এবং মধ্যপ্রদেশে (২৩০ আসন)। যে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করবে ২০২৯-এর সাধারণ নির্বাচনের গতিপ্রকৃতি।
এই ৯টি রাজ্যের মধ্যে সরাসরি বিজেপি ক্ষমতায় আছে ত্রিপুরা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। তেলেঙ্গানা এবং কর্ণাটকে কংগ্রেস। উত্তর পূর্বের ৩ রাজ্যে স্থানীয় দলগুলি ক্ষমতায় আছে। যাদের সঙ্গে এনডিএ তথা বিজেপির সম্পর্ক যথেষ্ট ভালো।
এই ৯ রাজ্যের মধ্যে ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। মে মাসের মধ্যে হবে কর্ণাটকের নির্বাচন। আর বাকি ৫ রাজ্য, অর্থাৎ মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানার নির্বাচন হবার কথা নভেম্বরে। অর্থাৎ ২০২৯ লোকসভা নির্বাচনের প্রায় মুখে মুখে। ফলত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানার নির্বাচনী ফলাফল যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এই চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে প্রতিষ্ঠান বিরোধিতার কারণে বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন বলেই মনে করছে বিশ্লেষকরা। রাজস্থানে বর্তমানে পুর নির্বাচন চলছে। যার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। সেই ফলাফল থেকেও রাজস্থান সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাবে।
অন্যদিকে তেলেঙ্গানাতেও কংগ্রেসের পক্ষে একটানা দ্বিতীয় দফায় ক্ষমতা ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে বলেই মনে করা হচ্ছে।
২০২৯-এ লোকসভা ভোটে ফলাফল কী হতে পারে তার আগাম ইঙ্গিত এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়। কারণ আগামী কয়েক মাসে দেশের রাজ্যের রাজনীতির গতি প্রকৃতির ওপরেও অনেক কিছু নির্ভর করবে। আপাতত সকলেরই পাখির চোখ উত্তরপ্রদেশে। গত দু’বারের মত এবারেও উত্তরপ্রদেশে বিজেপির বিজয়রথ অব্যাহত থাকে, নাকি অখিলেশ রাহুল বাহিনীর হাতে পর্যুদস্ত হয় তার ওপরেও একাধিক রাজ্যের ভোটের ফলাফল নির্ভর করবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন