Sabyasachi Dutta: তোলাবাজির অভিযোগ! গভীর রাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার সব্যসাচী দত্ত

People's Reporter: সল্টলেকের এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল।
গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত
গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্তফাইল ছবি
Published on

গভীর রাতে গ্রেফতার করা হল তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আজ সকালে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিধাননগর পুলিশ। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে আনা হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।

সল্টলেকের এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় নিজের বাড়ি থেকে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়।  

মঙ্গলবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সব্যসাচী দত্ত বলেন, “অভিযোগকারী নিজেই ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন প্রতারণার মামলায়। সেইসময় তাঁর পরিবারের লোক এবং এক ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন তাঁকে বের করিয়ে দেওয়ার জন্য।“

মেডিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর তাঁকে ফের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর বিধি মেনে তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে। আদালতে তদন্তকারী সংস্থা তাদের বক্তব্য তুলে ধরবে এবং প্রয়োজন হলে হেফাজতের আবেদন জানাতে পারে বলে মনে করা হচ্ছে।

এ বারের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী। তবে বিজেপি প্রার্থীর কাছে পরাস্ত হন।

উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই পূর্বতন সরকারের একাধিক নেতাকে দুর্নীতি-তোলাবাজি সহ নানা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। এই তালিকায় কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক সকলেই রয়েছেন।  

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in