Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর আগেই কাটমানি নেওয়া শুরু, নাম জড়ালো তৃণমূলের

প্রকল্পের জন‍্য আবেদনকারী এক মহিলা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ফর্মের জন্য ৮০ টাকা নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। সবাই দেয় বলে তিনিও দিয়েছেন। এগুলো যে বিনাপয়সায় হয় সেই ধারণাই নেই তাঁর।
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর আগেই কাটমানি নেওয়া শুরু, নাম জড়ালো তৃণমূলের
প্রতীকী ছবি
Published on

প্রকল্প এখনো চালু হয়নি। অফিসিয়ালি প্রকল্পের ফর্ম বিলিও শুরু হয়নি। তার আগেই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রকল্পকে ঘিরে 'কাটমানি' নেওয়ার অভিযোগ উঠলো জলপাইগুড়ির রাজগঞ্জে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের।

বিধানসভা নির্বাচনের আগেই মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন সপ্তাহ আগে সরকারিভাবে 'লক্ষ্মীর ভান্ডার প্রকল্প' চালু করার কথা ঘোষণা করেছেন তিনি। আগামী ১৬ আগস্ট দুয়ারে সরকারের মাধ‍্যমে এই প্রকল্পের ফর্ম বিলি শুরু হবে। কিন্তু তার আগেই ইন্টারনেট থেকে এই ফর্ম ডাউনলোড করে বিক্রি করা শুরু হয়েছে রাজগঞ্জের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিগঞ্জ গ্রামে।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নিজের বাড়িতে টাকা নিয়ে ফর্ম বিলি করছেন এক মহিলা। একজন পুরুষও রয়েছেন তাঁর সাথে। ফর্ম পূরণের জন‍্য আলাদা করে টাকা চাওয়া হচ্ছে। প্রকল্পের টাকা পেলে সেখান থেকে ভাগ দিতেও বলা হচ্ছে আবেদনকারী মহিলাদের। যদিও এই ভিডিওর সত‍্যতা যাচাই করেনি পিপলস্ রিপোর্টার।

স্থানীয়দের দাবি ওই মহিলা স্থানীয় এক তৃণমূল নেতার আত্মীয়া। প্রকল্পের জন‍্য আবেদনকারী এক মহিলা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ফর্মের জন্য ৮০ টাকা নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। সবাই দেয় বলে তিনিও দিয়েছেন। এগুলো যে বিনাপয়সায় হয় সেই ধারণাই নেই তাঁর।

ঘটনার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আইন অনুযায়ী ওই মহিলার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in