“দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়।” গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো এবার কলকাতার কলেজ স্কোয়ার এবং আরও একটি নামী দুর্গাপুজোর সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের মতে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি এই বিবৃতির মাধ্যমে দলকেও তিনি একটা বার্তা দিতে চাইলেন। কারণ ইতিমধ্যেই শহর এবং শহরতলীর একাধিক নামী পুজোর সঙ্গে নাম ভেসে বেড়াচ্ছে বিজেপির বিভিন্ন পদাধিকারীর।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না।”
ওই বিবৃতিতেই তিনি জানিয়েছেন, কোনও বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন—সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন।
শমীক ভট্টাচার্য বলেন, পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক—এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।
এর আগে রাজ্যে বাম আমলে বাম নেতৃত্বকে সরাসরি সেভাবে কোনও পুজোর সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি। বিষয়গুলি সংশ্লিষ্ট ক্লাবের হাতেই থাকতো। যদিও পালাবদলের পর তৃণমূল সরকারের আমলে একাধিক নামী পুজোর সঙ্গে বিভিন্ন তৃণমূল শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে ছিল। একেকটি পুজো এক এক নেতার নামে পরিচিত ছিল। জাঁক জমক পূর্ণ সেই সব পুজো মহালয়ার আগে থেকেই উদ্বোধন শুরু করে দিতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষ শুরু হবার আগে থেকেই পুজোর উদ্বোধন নিয়ে বহু সমালোচনা হয়েছে। রাজ্যে বর্তমান পালাবদলের পর বিজেপি সভাপতি সেই ট্র্যাডিশন ভাঙবার ইঙ্গিত দিলেন তাঁর এদিনের বক্তব্যে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন