অনুমতি ছাড়া মিডিয়াতে মন্তব্য নয়, পত্রিকাতে লিখতেও পারবেন না; সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা

People's Reporter: নির্দেশিকায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারী কোনও মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবেন না। সরকারের নীতি-সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করা যাবে না।
অনুমতি ছাড়া মিডিয়াতে মন্তব্য নয়, পত্রিকাতে লিখতেও পারবেন না; সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা
Published on

রাজ্যের সরকারি আধিকারিকদের জন্য এবার কড়া নির্দেশিকা জারি করলো নতুন বিজেপি সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, সংবাদমাধ্যমে মুখ খোলা বা কোনও মতামত প্রকাশ করা যাবে না বা পূর্বানুমতি ছাড়া সংবাদমাধ্যমের কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করাও যাবে না।

নতুন সরকার গড়েই একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেরকমই এবার সরকারি আধিকারিকদের জন্য নির্দেশিকা জারি করেছেন তিনি। বুধবার মুখ্যসচিবের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় সরকারি কর্মচারীদের কেন্দ্র বা রাজ্য সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য বা সমালোচনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোনও বক্তব্য বা প্রকাশনা যদি কেন্দ্র-রাজ্য সম্পর্ক বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে।

সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারী কোনও মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবেন না। এমনকি বেসরকারি ভাবে তৈরি বা স্পনসরড অনুষ্ঠানেও যোগদানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনও কর্মচারী সংবাদপত্র বা সাময়িকীতে লেখা লিখতে পারবেন না, কোনও পত্রিকা সম্পাদনা বা পরিচালনার সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। এমনকি সংবাদমাধ্যমের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনও সরকারি তথ্য, নথি বা প্রশাসনিক কাগজপত্র তুলে দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশিকা অনুযায়ী, আইএএস, ডবলিউবিসিএস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (ডাবলুবিপিএস)-এর আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা, পুর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। নির্দেশিকাটি রাজ্যের সমস্ত দফতর, কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in