TMC: এন্টালিতে সন্দীপন সাহার বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ, ‘বাবা চোর-বেটা চোর’ স্থানীয় বাসিন্দাদের

People's Reporter: প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং বর্তমান বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং দুর্নীতির পরিবেশ তৈরি করা হয়েছে।
এন্টালিতে সন্দীপন সাহার বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
এন্টালিতে সন্দীপন সাহার বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদেরনিজস্ব ছবি
Published on

কলকাতার এন্টালি এলাকায় শনিবার তীব্র রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং বর্তমান বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং দুর্নীতির পরিবেশ তৈরি করা হয়েছে। এই অভিযোগকে সামনে রেখেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ মিছিলটি এন্টালির রামলীলা ময়দান থেকে শুরু হয়ে জানবাজার সুকুর সরকার লেনে অবস্থিত বিধায়ক সন্দীপন সাহার বাসভবনের দিকে অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘বাবা চোর-বেটা চোর’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এলাকার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশের দাবি তোলেন।

বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কিছু প্রভাবশালী ব্যক্তির আধিপত্য ক্রমশ বেড়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন চাইছেন তাঁরা। মিছিলে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁরা সন্দীপনদের বাড়ির সামনে ঝাঁটা-জুতো বেঁধে দেন।

এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এন্টালি কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি অভিযোগ করেন, এন্টালির সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং তাঁদের অভিযোগের যথাযথ সমাধান হচ্ছে না। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এই আন্দোলন চলবে বলেও তিনি জানান।

মিছিলকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতির উপর নজর রাখে পুলিশ। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। এই ঘটনাকে কেন্দ্র করে এন্টালির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in