

আজ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা ঢুকে যাবে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনকে নজরে রেখেই তড়িঘড়ি বেকার ভাতার টাকা যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
রাজ্যের বেকার যুবক-যুবতীদের মন জিততে ফেব্রুয়ারি মাসে পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটে ‘যুবসাথী’ প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের টানা পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিন ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বলেছিলাম, ১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। কিন্তু কাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। তার উপহার হিসাবে ১ এপ্রিলের দিন পরিবর্তন করে, আজ, শনিবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা যাবে।"
তিনি আরও জানান, ''২১ থেকে ৪০ বছর বয়সি ৯০ লক্ষ থেকে এক কোটি ছেলেমেয়ে দরখাস্ত করেছেন, যাঁরা অন্য কোনও সরকারি সাহায্য নেন না। যাঁরা বৃত্তি পান, তাঁদের ধরছি না, পড়াশোনার জন্য সেই টাকা তাঁদের প্রাপ্য।''
তাঁর কথায়, রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাজেট ঘোষণার সময় বলা হয়েছিল, ১৫ অগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকে প্রকল্পটি চালু হবে। এবার সেই সময়ও এগিয়ে ৭ মার্চ করা হল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন