WB Polls 26: ভোটের দু'দিন আগে থেকে চালানো যাবেনা বাইক! কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

People's Reporter: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহীকে বসানো যাবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইকে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। জরুরী ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

মদের দোকানের পর এবার বাইক চলাচলের উপরও কঠোর বিধিনিষেধ জারি করলো নির্বাচন কমিশন। রাজ্যে প্রথম দফার ভোট শুরু হচ্ছে আগামী ২৩ এপ্রিল। তার আগে আজ থেকেই শুরু হচ্ছে এই বিধিনিষেধ। মোটরসাইকেল চলাচল ও বাইক র‌্যালির উপর একাধিক বিধিনিষেধ আরোপ করল রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর। মূলত বাইক বাহিনীর দাপট রুখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের ২ দিন আগে থেকে এবং ভোটের দিনে এই নিয়ম মানতে হবে।

  • ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনওভাবেই বাইক র‍্যালি বা মোটরসাইকেল মিছিল করা যাবে না।

  • সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন বা পারিবারিক জরুরি পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে।

  • ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহীকে বসানো যাবে না। স্কুল পড়ুয়া বা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।

  • ভোটের দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র পারিবারিক প্রয়োজনে মোটরসাইকেলের পিছনে আরোহীকে বসানোর অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে ভোটদানে যাওয়ার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশিকা
কমিশনের নির্দেশিকা

জেলা প্রশাসন ও পুলিশকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কেউ এই বিধিনিষেধ থেকে বিশেষ ছাড় চাইলে সংশ্লিষ্ট থানার কাছ থেকে তাঁকে লিখিত অনুমতি নিতে হবে।

নির্বাচন কমিশনের এই নির্দেশিকা ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে আমজনতার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। অনেকে আবার এই নির্দেশিকাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। গিগ কর্মীরা এই তিনদিন কীভাবে কাজ করবেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, সামগ্রিক ভাবে যদি মোটর বাইক বা টু হুইলারের উপরে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে মানুষের ভোগান্তি হবে। একটা লোক কতরকমের কাজে যেতে পারে। এটা করতে পারে না নির্বাচন কমিশন। যারা যারা বাইক চালান তাঁরা এর প্রতিবাদে তৃণমূলকে ভোট দেবেন।

এর আগে ২১ তারিখ সন্ধ্যে ছ’টা থেকে ২৩ তারিখ সন্ধ্যে ছ’টা পর্যন্ত রাজ্যে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in