TMC: রাজ্যের পর এবার দিল্লিতেও ভাঙন শুরু তৃণমূলে; দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দু শেখর রায়ের

People's Reporter: সোমবার দলের বিরুদ্ধে অভিযোগ এনে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান সাংসদ। তবে ইস্তফা দিলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের এক্স হ্যান্ডেল বায়ো (পূর্বতন ট্যুইটার)-তে তিনি কোনও পরিবর্তন করেননি।
সুখেন্দু শেখর রায়
সুখেন্দু শেখর রায় ফাইল ছবি, সুখেন্দু শেখর রায়ের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

দিল্লি জুড়ে তৃণমূলের ভাঙনের গুঞ্জনের মাঝেই দল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। একসময়ের কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায় রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যোগ দেন এবং সাংসদ হন। সোমবার নিজের দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান এই সাংসদ। তবে ইস্তফা দিলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের এক্স হ্যান্ডেল বায়ো (পূর্বতন ট্যুইটার)-তে তিনি কোনও পরিবর্তন করেননি।

নিজের ইস্তফাপত্রে ৭৭ বছর বয়সী তৃণমূল সাংসদ লিখেছেন, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সর্বত্র বেলাগাম দুর্নীতি হয়েছে। দলের অন্দরে দুর্নীতি এবং দল নিয়ে মানুষের ক্ষোভ মাত্রা ছাড়িয়েছিল। তাই পতন অনিবার্য ছিল। দলের মধ্যেই সৎ নেতারা কোণঠাসা হয়ে পড়েছিলেন। প্রসঙ্গত, গতকাল রাতে নিজের ফেসবুক পেজে একটি প্যাঁচার ছবি পোষ্ট করে তিনি লিখেছিলেন, “সাবধান, কিছু একটা ঘটতে চলেছে।”

নিজের পদত্যাগপত্রে দলের জাতীয় স্তরের নেতাদের আয় ও ব্যয়ের হিসেব খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। একই সঙ্গে তিনি মুখ খুলেছেন আরজি কর কান্ড নিয়েও। তাঁর অভিযোগ, দলে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তিনি কোণঠাসা হয়ে গেছিলেন। তাঁর মতে, আরজি করের ঘটনায় দোষীদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল।

২০২৪ সালে আর জি কর ঘটনার পর থেকেই সমাজ মাধ্যমে একাধিক পোষ্ট করেছেন সুখেন্দুশেখর রায়। কখনও মেয়েদের রাত দখলকে সমর্থন জানিয়ে, আবার কখনও ইঙ্গিতপূর্ণ কার্টুন পোষ্ট। তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ। এরপর তাঁকে লালবাজার থেকে দু’বার তলবও করা হয়। যদিও সেই তলব এড়িয়ে যান তিনি।

গ্রেফতারীর আশঙ্কায় রক্ষা কবচ চেয়ে সে সময় কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন সুখেন্দুশেখর। পরে তিনি পুলিশের ভূমিকা সংক্রান্ত পোষ্ট মুছে দেন সমাজ মাধ্যম থেকে। স্বীকার করেছিলেন, পুলিশের ভূমিকা নিয়ে পোষ্টটিতে ‘ভুল তথ্য’ ছিল। এর পরবর্তী সময়ে তিনি তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলার' সম্পাদকের পদে ইস্তফা দেন।

রাজ্য বিধানসভায় তৃণমূল বিধায়কদের বিদ্রোহের পর দিল্লিতেও তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা বিদ্রোহ করতে চলেছেন বলে জোর গুঞ্জন আছে। কোনও কোনও সূত্র থেকে দাবি করা হয়েছে যে তৃণমূলের প্রায় ২০ জন সাংসদ বিজেপিতে যোগ দেবেন। যদিও এখনও পর্যন্ত সুখেন্দু শেখর রায় ছাড়া আর কেউই ইস্তফা দেননি। সকাল থেকে কোয়েল মল্লিকের নাম পদত্যাগীদের তালিকায় উঠে এলেও সেই সম্পর্কিত কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি।

জানা যাচ্ছে হাতে গোণা কয়েকজন সাংসদ ছাড়া এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কেউ নেই। তাঁর পাশে যারা এখনও আছেন বলে নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্যে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, মালা রায় প্রমুখ।

সুখেন্দু শেখর রায়
RG Kar Case: ফের বেসুরো সাংসদ সুখেন্দু শেখর রায় - 'ফরাসি বিপ্লব' মন্তব্যে অস্বস্তি বাড়লো তৃণমূলে
সুখেন্দু শেখর রায়
Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডের আবহেই তৃণমূল মুখপত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা সুখেন্দুশেখরের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in