

আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চড্ডাকে। এরপরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন তিনি। তাঁর প্রশ্ন, সাধারণ মানুষের জন্য কথা বললে, আম আদমি পার্টির কী ক্ষতি? তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয়কে চিঠি পাঠিয়ে আপ জানিয়ে দিয়েছিল, রাঘব চাড্ডাকে দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। শুধু তাই নয়, তাঁর বলার জন্য যেন সময়ও বরাদ্দ না করা হয়। রাঘব চাড্ডার জায়গায় পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত শিক্ষাবিদ অশোক মিত্তলকে ডেপুটি লিডার করে আপ। যদিও সংসদীয় বিধি অনুযায়ী অধিবেশন চলাকালীন এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যসভার চেয়ারম্যানের।
এরপর শুক্রবার এক ভিডিও বার্তায় দলের এই সিদ্ধান্ত নিয়ে সরব হন রাঘব। তিনি বলেন, "আম আদমি পার্টি রাজ্যসভাকে বলেছে যে রাঘব চাড্ডার জন্য সময় বরাদ্দ করতে না। কিন্তু কেন? আমি সবসময় সাধারণ মানুষের জন্য কথা বলেছি। আমি এমন বিষয়গুলি তুলে ধরেছি, যেমন বিমানবন্দরে খাবারের মূল্য বেশি, টেলিকম কোম্পানিগুলি অতিরিক্ত চার্জ করছে, টোল প্লাজা ও ব্যাঙ্ক লুট, গিগ কর্মীদের সমস্যা ইত্যাদি। জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা কি কোনো অপরাধ? আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো ভুল করেছি? এই বিষয়গুলি তুলে ধরার পর সাধারণ মানুষ উপকৃত হয়েছে। কিন্তু আম আদমি পার্টির কি কোনও ক্ষতি হয়েছে?’’
ভিডিওতে দলের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, "যারা সংসদে আমার বলার অধিকার কেড়ে নিয়েছেন আমি তাঁদের কিছু বলতে চাই - আমার এই নীরবতাকে আমার পরাজয় ভাববেন না। আমি সেই নদী, সময় এলে যে প্লাবনে পরিণত হয়।"
এরই মাঝে রাঘবের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত দু’বছর ধরেই আপের কর্মসূচিতে গরহাজির থাকতেন তিনি। গত বছর দিল্লি বিধানসভার ভোটের প্রচারেও তাঁকে দেখা যায়নি। আপ শিবিরের একাংশের দাবি, সংসদে কখনও বিজেপির বিরুদ্ধে প্রশ্ন করেন না রাঘব। আরও তাৎপর্যপূর্ণভাবে ঠিক যে যে ইস্যুতে গত কয়েক মাসে রাঘব সরব হয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও সেই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ করেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন