Soham Chakraborty: রেস্তোরাঁ-মালিককে মারধরের ঘটনায় সোহমকে আগাম জামিন বারাসাত আদালতের

People's Reporter: আদালত দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সোহম চক্রবর্তীর আগাম জামিন মঞ্জুর করেছে।
সোহম চক্রবর্তী
সোহম চক্রবর্তী ছবি সৌজন্যে সোহমের ফেসবুক পেজ
Published on

নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বারাসাত আদালতে আগাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অভিনেতা তথা পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার আদালত দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে।

অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক আনিসুর আলম। তাঁর অভিযোগ, সোহম তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।

এদিকে, বারাসাত আদালতে জামিন চাইতে গিয়েও বিতর্কে জড়ান অভিনেতা। সোহমের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পর দীর্ঘ ক্ষণ সরকারি আইনজীবীর জন্য (পিপি) নির্ধারিত ঘরে বসে অপেক্ষা করেন। একজন অভিযুক্ত আদালত কক্ষে না বসে কি করে আইনজীবীদের কক্ষে বসেন, বিরোধী দলগুলিও এই নিয়ে অভিযোগ তোলেন। যদিও, ঘন্টা দুয়েক ওই ঘরে বসে পরে অবশ্য বেরিয়ে যান অভিনেতা।

উল্লেখ্য, গত শুক্রবার নিউটাউনে একটি রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা সোহম। সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন।

তাঁর আরও অভিযোগ, এরপর সোহমও তাঁকে মারধর করেন। চড়-ঘুষি মারা হয়। তাঁকে সজোরে লাথিও মারেন। বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে দাবি রেস্তোরাঁর মালিকের। এবং পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় রেকর্ডও হয়েছে। প্রয়োজনে তিনি সেটি পুলিশের হাতে তুলে দেবেন বলেও জানান। কিন্তু পুলিশ সেভাবে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাঁর।

ওইদিনই রেস্তোরাঁর মালিককে মারধরের কথা স্বীকার করে নেন অভিনেতা। সোহম বলেন, “সে তো করেছিই। গালাগালি করবে এবং অভিষেককে নিয়ে গালাগালি করেছে সেটা মেনে নেওয়া যায় না। চারটে চড় মেরেছি। ধাক্কা দিয়েছি। অভিনেতারাও মানুষ। আমাদেরও আবেগ আছে। তারই প্রতিফলন হয়েছে। ছোটখাটো বিষয়। পুলিশ দেখছে।“

যদিও পরে ক্ষমা চান অভিনেতা। শনিবার তিনি বলেন, “আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। সেই সময়ে মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।“

সোহম চক্রবর্তী
সোহমের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁ মালিক! উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও
সোহম চক্রবর্তী
কুলবিন্দরের সমর্থনে পথে নামার সিদ্ধান্ত কৃষক সংগঠনের! চড় মারার ঘটনায় কেন চুপ বলিউড? ক্ষুব্ধ কঙ্গনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in